বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
বিজয়ী হয়েও সম্প্রচার হয়নি, সময় রায়নাকে আর্জি সুভাষের
বিজয়ী হওয়া সত্ত্বেও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর এপিসোড সম্প্রচার না হওয়ায় সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে সময় রায়নার কাছে আর্জি জানালেন প্রতিযোগী সুভাষ আহিরওয়ার।
বিজেতা হয়েও শোয়ের এপিসোড সম্প্রচার না হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ প্রতিযোগী সুভাষ আহিরওয়ার। বিচারকরা তাঁকে বিজয়ী ঘোষণা করলেও সেই পারফরম্যান্স দর্শকদের সামনে তুলে ধরা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় হতাশ হয়ে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন তিনি।
ভিডিওটিতে সময় রায়না ও শোয়ের অন্যান্যদের ট্যাগ করে নিজের এপিসোড সম্প্রচারের কাতর আর্জি জানিয়েছেন সুভাষ। তিনি জানান, বিচারকদের থেকে ১০-এ ১০ নম্বর পেয়ে তিনি বিজয়ী হয়েছিলেন এবং এক লক্ষ টাকা, একটি ফোন ও খাবারের কুপন পুরস্কার পেয়েছিলেন। তবে উপহারের চেয়ে নিজের পারফরম্যান্সের সম্প্রচার তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন তিনি।
শৈশব থেকে কঠিন লড়াইয়ের কথা তুলে ধরে সুভাষ জানান, ছাব্বিশ বছর বয়সে এসেও তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে ধাবায় কাজ, সবজি বিক্রি, শ্রমিকের কাজ এবং নিরাপত্তারক্ষীর কাজ করেছেন তিনি। গ্র্যাজুয়েশন করার সময় শৌচাগার পরিষ্কারের কাজও করতে হয়েছিল তাঁকে। সাত বছর থিয়েটার নিয়ে পড়াশোনা করার পর গানবাজনা শুরু করেন তিনি।
জীবনযুদ্ধের লড়াইয়ের মধ্যে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অংশগ্রহণ তাঁর কাছে বড় সুযোগ ছিল বলে জানান সুভাষ। সময় রায়নার উদ্দেশে তিনি বলেন, কারও স্বপ্ন নিয়ে এভাবে খেলা উচিত নয়। তাঁর এপিসোডটি প্রকাশ করার জন্য সময় রায়নার কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।