RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

চাঁদা না দেওয়ায় হামলা, বনগাঁয় দম্পতিকে মারধরের অভিযোগ

বনগাঁয় চাঁদার টাকা না দেওয়ায় ঘরে ঢুকে এক দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে।

বনগাঁ থানার শিংগি এলাকায় চাঁদা না দেওয়ায় এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনার জেরে আহত অবস্থায় ওই যুবক বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিংগি এলাকার বাসিন্দা অনিমেষ বালা তাঁর স্ত্রীর সঙ্গে বসবাস করেন। স্থানীয় একটি ক্লাব তাঁদের কাছে চাঁদার দাবি করেছিল। গত শনিবার রাতে ক্লাবের সদস্যরা অনিমেষবাবুর বাড়িতে এসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। অনিমেষবাবু এত টাকা দিতে অস্বীকার করায় লাঠি এবং কুড়ুলের ডান্ডা নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

প্রতিবাদ করতে গেলে ওই মহিলার ওপরও হামলা চালানো হয় এবং তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে জানানো হয়েছে। ভয়ে ওই দম্পতি রাতে বাড়ি থেকে বের হতে পারেননি। পরের দিন সকালে আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, ক্লাবের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পালটা দাবি, ক্লাবের সদস্যদেরই মারধর করা হয়েছে। তারা জোর করে কোনো চাঁদা আদায় করেন না বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ। এই বিষয়ে থানায় জানানো হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।