ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান, মূল্য ২০৬ কোটি টাকা
চেন্নাইয়ের এক দম্পতি অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান করেছেন, যার বাজার মূল্য প্রায় ২০৬ কোটি টাকা।
অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার অলঙ্কার দান করলেন চেন্নাইয়ের এক দম্পতি। বৃহস্পতিবার তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রতিনিধিদের হাতে ওই গয়না তুলে দেওয়া হয়। অলঙ্কারগুলির বাজার মূল্য প্রায় ২০৬ কোটি টাকা। দান করার সময় সেখানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। চেন্নাই নিবাসী বর্ধমান জৈন ও রাধিকা জৈন এই দান করেছেন। ব্যবসায় সাফল্যের মানত পূরণ হওয়ায় তাঁরা এই উপহার দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দান করা সোনার মধ্যে রয়েছে হীরা খচিত মুকুট, হার, কোমরের বেল্ট ও অন্যান্য গয়না। মন্দিরের তরফে জানানো হয়েছে, ১০৬ কেজি সোনা ভগবান ভেঙ্কটেশ্বরের জন্য ব্যবহার করা হবে। বাকি ১৫ কেজি সোনা দিয়ে পদ্মাবতী আম্মাভারুর বিশেষ পোশাক তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনার প্রশংসা করে জানান, অতীতে রাজারাও মন্দিরে সম্পদ দান করেছেন। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যের ধারা আজও বজায় রেখেছেন ভক্তরা।