পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বাসন্তীতে কিশোরী খুন মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করল আদালত
প্রেমে প্রত্যাখ্যানের জেরে কিশোরীকে খুন ও দেহ পুঁতে রাখার ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করল আলিপুরের আদালত।
প্রেমে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে অপহরণ করে হত্যার ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার আলিপুরের একটি বিশেষ আদালতে এই রায় ঘোষণা করা হয়। আগামী বুধবার এই মামলায় সাজা ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনাখালি গ্রামে। গত বছরের গোড়ার দিকে ওই এলাকার চৌদ্দ বছরের এক কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে তার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। ঘটনার বারো দিন পর পুলিশ কিশোরীর বাড়ির পিছনের একটি খেত থেকে তার পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ তদন্তে নেমে দীপেন কয়াল, বুদ্ধদেব সর্দার ও প্রতীক সর্দারকে গ্রেপ্তার করেছিল। তদন্তে প্রকাশ পায় যে, বুদ্ধদেবের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। অভিযুক্তরা কীভাবে খুন করা যায়, তা ইন্টারনেটে অনুসন্ধান করেছিল বলে পুলিশ জানতে পেরেছিল।
আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া চলে। বিচার চলাকালীন মোট সতেরো জন সাক্ষ্য দেন। সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারক তিনজনকেই দোষী সাব্যস্ত করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এই তথ্য জানিয়েছেন। অপহরণ, খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দাবে করা হয়েছিল।