পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
এসএফআই করার সময় প্রেম হয়েছিল, সাক্ষাৎকারে স্বীকার করলেন দীপ্সিতা ধর
এসএফআই করার সময় সহযোদ্ধার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর।
রাজনীতির ময়দানে লড়াইয়ের পাশাপাশি সহযোদ্ধার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। একটি পুরনো সাক্ষাৎকারে তা নিজেই স্বীকার করে নিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের একটি অংশ নতুন করে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই সাক্ষাৎকারে বামনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, এসএফআই করার সময় দলের কারও সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কি না। রাখঢাক না করেই দীপ্সিতা জানান, তাঁর জীবনেও প্রেম এসেছিল। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, তিনি নিজেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। যদিও ওই যুবকের পরিচয় জানাননি বামনেত্রী। তিনি জানান, সেই যুবক এখন রাজনীতি থেকে দূরে সরে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন।
পাশাপাশি, বর্তমান সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন দীপ্সিতা। তিনি জানান, এই মুহূর্তে তাঁর জীবনে অন্য কেউ রয়েছেন এবং তিনি প্রেমে রয়েছেন। তবে এখনই তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। বামনেত্রী স্পষ্ট জানিয়েছেন, বিয়ে একটি পারস্পরিক সিদ্ধান্ত। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন গুছিয়ে নেওয়ার পরেই তাঁরা বিয়ের কথা ভাববেন। আগামী ৫ বা ১০ বছর তাঁরা কীভাবে কাটাতে চান, তা নিয়ে দু'জনে আলোচনা করার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।