RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বর্ধমানে সিপিএম ও বিজেপির সংঘর্ষ, আহত সিপিএমের প্রবীণ নেতা

বর্ধমানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন সিপিএমের এক প্রবীণ নেতা।

বর্ধমানের বাদামতলা এলাকায় সিপিএমের কৃষক সভা ও বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার বিকেলে দুই দলের কর্মসূচি মুখোমুখি হওয়ায় সংঘাত বাঁধে।

বিজেপির শোভাযাত্রা থেকে কৃষক সভার মঞ্চে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। দুই পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়। চেয়ারের আঘাতে সিপিএমের এক প্রবীণ নেতার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তাঁর পায়ে আঘাতও লেগেছে।

সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অশান্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।