RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বইপাড়ায় মিনি বইমেলার আয়োজন, উদ্যোগ নিল সিপিএম

বইয়ের স্টলে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে কলকাতার বইপাড়ায় মিনি বইমেলার আয়োজন করল সিপিএম।

রাজ্যে বইয়ের স্টলে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবার ছোট আকারের বইমেলার আয়োজন করছে সিপিএম। আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর কলকাতার মহাবোধি সোসাইটি হলে বসবে এই আসর। সিপিএমের প্রকাশনা সংস্থা ন্যাশনাল বুক এজেন্সির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, কলকাতার বেশ কয়েকটি নামী প্রকাশনা সংস্থাও এই বইমেলায় অংশ নেবে। সাহিত্য, ইতিহাস এবং রাজনীতির মতো নানা বিষয়ের বই পাওয়া যাবে এখানে। সাম্প্রতিককালে পুজোর সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরেই বইকে হাতিয়ার করে পালটা সাংস্কৃতিক প্রতিরোধের পথ বেছে নিয়েছে দল।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, রাজ্য সরকারের বই বিরোধী মানসিকতার জবাব দিতেই এই বিশেষ আয়োজন করা হচ্ছে। পাঠকদের সঙ্গে বইয়ের যোগসূত্র আরও মজবুত করাই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।