RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

পুরোনো বল বিকৃতি বিতর্ক, বড় পদক্ষেপ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া

পুরোনো বল বিকৃতি বিতর্ক ও খোয়াজার বই ঘিরে চলা আলোচনার মাঝে বড় পদক্ষেপ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলীয় ক্রিকেটে চলা পুরোনো বল বিকৃতি বিতর্ক নিয়ে এবার নজিরবিহীন পদক্ষেপ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ছয় সপ্তাহ ধরে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আধিকারিকেরা সেই সময়কার ঘটনা নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। তবে এই কার্যক্রমে অংশ নেওয়া সম্পূর্ণ স্বেচ্ছাধীন এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে বলে স্পষ্ট করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই প্রক্রিয়ায় অংশ নিলে কাউকে কোনো শাস্তির মুখে পড়তে হবে না। বরং অংশগ্রহণকারীদের আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। স্বাধীন ফোরামের মাধ্যমে এই মতামত গ্রহণ করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে যে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে ঘটে যাওয়া বল বিকৃতির ঘটনায় গোটা দলই যুক্ত ছিল। এই দাবি প্রকাশ্যে আসার পরেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে তীব্র বিতর্ক শুরু হয়। দলের অন্দরে ক্রিকেটারেরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ অভিযোগ সমর্থন করলেও অন্যপক্ষ তা দৃঢ়ভাবে খারিজ করে দেন। এই পরিস্থিতিতে বোর্ডের তরফে সকলের বক্তব্য শোনার এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনলাইনে কিংবা লিখিত বিবৃতির মাধ্যমে এই ফোরামের সামনে নিজেদের বক্তব্য পেশ করতে পারবেন।