খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
বিয়ের আমন্ত্রণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্ড দিলেন রিঙ্কু সিং
আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রিঙ্কু সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সপরিবারে গিয়ে নিমন্ত্রণপত্র দিলেন তারকা ব্যাটার।
আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রিঙ্কু সিং। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সপরিবারে গিয়ে বিয়ের আমন্ত্রণপত্র দিলেন তারকা ব্যাটার। রবিবার রিঙ্কুর সঙ্গে তাঁর মা, ভাই এবং বোন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে কার্ড তুলে দেন। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও বিয়ের নিমন্ত্রণ জানানো হয়েছে।
লখনউয়ের একটি বিলাসবহুল হোটেলে আগামী ৪ ডিসেম্বর বসবে বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং ভারতীয় দলের কিছু ক্রিকেটার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গত বছর জুনে বাগদান সেরেছিলেন রিঙ্কু এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। প্রায় দেড় বছর বাদে এবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। প্রিয়ার বাবা তুফানি সরোজও সমাজবাদী পার্টির বিধায়ক।
রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির টিকিটে মছলিশহর কেন্দ্র থেকে লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে একদিকে যেমন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ক্রিকেটার, অন্যদিকে তাঁর শ্বশুর এবং স্ত্রী বিরোধী শিবিরের জনপ্রতিনিধি। আগামী কয়েক মাসের মধ্যেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে।