RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

কমিংসের নিশানায় খোয়াজার আত্মজীবনী, বল বিকৃতি ও বর্ণবৈষম্যের অভিযোগ খারিজ অজি অধিনায়কের

প্রাক্তন সতীর্থ উসমান খোয়াজার আত্মজীবনীতে করা বল বিকৃতি ও বর্ণবৈষম্যের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন প্যাট কমিংস।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নিজের বইয়ে খোয়াজা দাবি করেছেন, বল বিকৃতির বিষয়টি দলের সকল ক্রিকেটার জানতেন। তাঁর অভিযোগ, কেপ টাউনের ঘটনার আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃত করা হয়েছিল। এমনকি, তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়নি বলেও বইয়ে উল্লেখ করেছেন প্রাক্তন এই ওপেনার।

এই সমস্ত অভিযোগ শুক্রবার সাংবাদিক সম্মেলনে খারিজ করে দিয়েছেন বর্তমান অজি অধিনায়ক প্যাট কমিংস। খোয়াজার দাবিকে ‘১০০ শতাংশ মিথ্যা’ এবং ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন তিনি। কমিংসের কথায়, বল বিকৃতির বিষয়ে দলের কেউ আগে থেকে জানতেন না। খোয়াজার এই ধরণের মন্তব্যকে তিনি ‘দায়সারা’ বলে তোপ দেগেছেন।

অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে বর্ণবৈষম্যের যে অভিযোগ খোয়াজা তুলেছেন, তাও মানতে নারাজ কমিংস। তিনি স্পষ্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচন গায়ের রঙের ভিত্তিতে হয় না। এই ধরনের গুরুতর অভিযোগ তিনি কোনোভাবেই মেনে নিতে রাজি নন। আত্মজীবনীতে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করায় খোয়াজার তীব্র সমালোচনা হচ্ছে। এই বিতর্কের জেরে বইয়ের প্রচারের জন্য কোনো সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোয়াজা।