RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ফুলকপি চুরি নিয়ে বচসা, বিক্রেতার নাক ফাটিয়ে শ্রীঘরে ক্রেতা

উত্তর কলকাতায় ফুলকপি চুরিকে কেন্দ্র করে বিক্রেতার সঙ্গে মারপিটের অভিযোগ উঠল এক ক্রেতার বিরুদ্ধে।

শীতের মরসুমে বাজারে সবজির দাম চড়া। ফুলকপির দাম ৩০ টাকার নিচে নামছে না। এই পরিস্থিতিতে উত্তর কলকাতার জোড়াবাগান বাজারে ফুলকপি চুরির অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, বুদ্ধদেব পোড়েল নামে এক ব্যক্তি সবজি কিনতে গিয়ে একটি ফুলকপি ব্যাগে ভরে দাম না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন।

দোকানদারের নজর এড়ায়নি বিষয়টি। তিনি ওই ব্যক্তিকে আটকে ব্যাগ থেকে ফুলকপিটি বের করে নেন। কেন তিনি এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন তোলায় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় বুদ্ধদেব ওই বিক্রেতাকে মারধর করেন। তাতে দোকানদারের নাক ফেটে যায়।

ঘটনার পর জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যান। সোমবার তিনি ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।