RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কাটমানি অভিযোগ, দলের কর্মী হলেও আইনগত ব্যবস্থা হবে, বার্তা বিজেপি বিধায়কের

অন্নপূর্ণা যোজনার নাম করে দলীয় কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে রাজপুর-সোনারপুরে, কড়া বার্তার দিয়েছেন বিজেপি বিধায়ক।

অন্নপূর্ণা যোজনার নাম করে টাকা তোলার অভিযোগে সরব হয়েছেন খোদ দলীয় নেতৃত্বই। রাজপুর-সোনারপুর পুরসভার বোড়াল এলাকায় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় মহিলাদের কাছ থেকে দেড় হাজার টাকা করে চাওয়া হচ্ছিল। জোর করে বা কিস্তিতে এই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পার্থ সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে রাজ্য কমিটির সঙ্গে যুক্ত বলে পরিচয় দিতেন বলে অভিযোগ। দলের মণ্ডল সহ সভাপতি বরুণ হালদার এই বিষয়ে সরব হন।

এই প্রসঙ্গে সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর স্পষ্ট জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিজেপি কর্মী হোক বা যার কর্মীই হোক, আইনের চোখে সবার জন্য নিয়ম এক।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পার্থ সাহা। তাঁর দাবি, তিনি কারও কাছ থেকে টাকা নেননি এবং রাজনৈতিক দল থেকে কখনও এক পয়সা নেননি।