RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আসানসোলে পুলিশের গুলিতে জখম সাইবার প্রতারক, গ্রেপ্তার অভিযুক্ত

আসানসোলে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে পায়ে গুলি লেগে জখম হয়েছেন এক সাইবার প্রতারক। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পায়ে গুলি লেগে আহত হয়েছেন এক সাইবার প্রতারক। শুক্রবার ভোরে আসানসোলে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম প্রতাপ দাস। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার গ্রেপ্তারির ভয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল প্রতাপ। পুজোর আগে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি সে আসানসোলে ফিরেছে এমন খবর পেয়েই তদন্তকারীরা অভিযান চালান।

শুক্রবার ভোরে আসানসোল দক্ষিণ থানার ইসমাইল এলাকায় একটি গোপন আস্তানায় তল্লাশি চালায় পুলিশ। সেই সময় ফের পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। তদন্তকারীদের লক্ষ্য করে সে ফের গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পালটা গুলি চালায় পুলিশ। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়।

বর্তমানে জখম ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।