পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ক্রেডিট কার্ড দেওয়ার নামে জালিয়াতি, বালিগঞ্জ ও বেনিয়াপুকুরে খোয়াল লক্ষাধিক টাকা
ক্রেডিট কার্ডের প্রলোভন এবং ভুয়ো লিঙ্কের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার দুটি ঘটনায় কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।
ক্রেডিট কার্ড পাইয়ে দেওয়ার ফাঁদে ফেলে সাইবার প্রতারণার অভিযোগ সামনে এল। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এবং পূর্ব কলকাতার বেনিয়াপুকুর থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, বালিগঞ্জের লোয়ার রডেন স্ট্রিটের এক বাসিন্দাকে ফোন করে বেসরকারি ব্যাঙ্কের কর্মী পরিচয় দেওয়া হয়। প্রিমিয়াম কার্ড দেওয়ার নাম করে তাঁর কাছে অন্য ব্যাঙ্কের ডেবিট কার্ডের নম্বর চাওয়া হয়। সেই মতো তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেন ওই ব্যক্তি। এরপর তাঁর তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা তুলে নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি বালিগঞ্জ থানায় অভিযোগ জানান।
অন্যদিকে, বেনিয়াপুকুরের এক বাসিন্দাকে একটি লিঙ্ক পাঠিয়েছিল প্রতারকরা। তিনি সেই লিঙ্কে ক্লিক করায় একটি ওটিপি আসে। তিনি ওটিপি দিতে অস্বীকার করলে তাঁকে হোয়াটসঅ্যাপে আরও একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করার পরেই তাঁর মোবাইল হ্যাক করে নেওয়া হয়। দুটি ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর তিনিও বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনার ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। সাইবার জালিয়াতি ঠেকাতে বারবার সতর্ক করা হলেও সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।