RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, পর্যটকশূন্য পুরীর সৈকত

শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের কারণে পুরী থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পর্যটকদের আগামী ২২ নভেম্বর পর্যন্ত সেখানে যেতে নিষেধ করা হয়েছে।

শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান উপকূলের দিকে এগিয়ে আসায় ওড়িশার পুরী সমুদ্র সৈকত কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, আগামী ২২ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরী ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওড়িশার নিচু এলাকাগুলি থেকে এক লক্ষের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুর উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই পুরী সহ উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমানে যাঁরা পুরীতে রয়েছেন, তাঁরা যেন হোটেল থেকে বাইরে না বের হন। পর্যটকদের সুরক্ষায় সৈকতে কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে এবং লাগাতার মাইকিং চলছে।

পরিস্থিতি সামাল দিতে পুরীর গুন্ডিচা মন্দির আগামী ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার মন্দির চত্বর ফের ভক্তদের জন্য খোলা হবে। পাশাপাশি, পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরেও ভক্তদের সমাগম কমে গিয়েছে। আকভানের সম্ভাব্য ধাক্কা সামলাতে ওড়িশা জুড়ে মোতায়েন করা হয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং স্কুলগুলিতেও ছুটির ঘোষণা করা হয়েছে।

ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের একাধিক জেহায় সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আকভানের জেরে বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে।