RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, কলকাতা পুরসভায় চালু কন্ট্রোল রুম ও ছুটি বাতিল

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলকাতায় বাড়ছে বৃষ্টির দাপট, পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করল পুরসভা।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বুধবার থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় যত পুরীর কাছাকাছি এগোবে, দক্ষিণবঙ্গে দুর্যোগ ততই বাড়বে। বৃহস্পতিবার থেকে কলকাতায় বৃষ্টি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা এড়াতে বিশেষ বৈঠক ডেকে নিকাশি বিভাগের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।

পুরসভা সূত্রে খবর, ভবানীপুর, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং ডালহৌসি সংলগ্ন নিচু এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। জল দ্রুত সরাতে ‘জেড সাকশন’ গাড়ি মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানহোলগুলি প্রয়োজনে খুলে রাখা এবং নিকাশি নালায় আবর্জনা জমতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। পাশাপাশি জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও রাস্তায় নজর রাখতে বলা হয়েছে।

পরিস্থিতির উপর নজরদারি চালাতে পুরসভায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। শুক্রবারও কলকাতা সহ হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।