RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘূর্ণিঝড় অকবনের প্রভাব, বদলাল একাধিক ট্রেনের যাত্রাসূচি

শক্তিশালী ঘূর্ণিঝড় অকবনের কারণে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল।

শক্তিশালী ঘূর্ণিঝড় অকবনের জেরে রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বেশ কিছু দূরপাল্লার এবং লোকাল ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই ট্রেনের গতি ও সময়সূচিতে নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে রেল সূত্রে খবর।

তালিকা অনুযায়ী, ২২৫০৩ নম্বর বিবেক এক্সপ্রেসকে যাত্রাপথে তিন ঘণ্টা করে নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে, ২২৯৭৩ নম্বর গান্ধীধাম–পুরী সুপারফাস্ট এক্সপ্রেস নির্দিষ্ট জোনের মধ্যে দুই ঘণ্টা নিয়ন্ত্রিত হবে। একাধিক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে ছাড়বে।

এর মধ্যে ১৫২২৭ নম্বর এসএমভিবি–এমএফপি এক্সপ্রেস আট ঘণ্টা এবং ১৮০৪৬ নম্বর ইস্ট কোস্ট এক্সপ্রেস সাত ঘণ্টা দেরিতে রওনা দেবে। এ ছাড়াও হাওড়া থেকে ছাড়়া ১২৬৬৩ নম্বর টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস আট ঘণ্টা এবং ১২৮৬৩ নম্বর এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস তিন ঘণ্টা দেরিতে ছাড়বে। শালিমার থেকে চলা ১৮০৪৭ নম্বর অমরাবতী এক্সপ্রেস তিন ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে।

১২৮৩৯ নম্বর হাওড়া–চেন্নাই মেল আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ার কথা রয়েছে। ২০৮৪১ নম্বর ভুবনেশ্বর–বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস তিন ঘণ্টা ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রীদের যাতায়াতের আগে ট্রেনের বর্তমান সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।