কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
ঘূর্ণিঝড় আকভান, হাওড়া ও শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদলাল রেল
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টির জেরে হাওড়া এবং শালিমার থেকে ছাড়া একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেল।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার হাওড়া এবং শালিমার সহ বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে যাওয়া একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগামী কাল দুপুরে ওড়িশায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার ১২৬৬৩ হাওড়া–টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস আট ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ১৫২২৭ এসএমভিবি–এমএফপি এক্সপ্রেস আট ঘণ্টা, ২০৮৩৮ জেএনআরডি–বিবিএস সুপারফাস্ট এক্সপ্রেস সাত ঘণ্টা এবং ১৮৪৪৭ জগদলপুর–ভুবনেশ্বর স্পেশাল পাঁচ ঘণ্টা দেরিতে রওনা দেবে। ১৮০৪৭ শালিমার–ভাস্কো অমরাবতী এক্সপ্রেস এবং ১২৮৬৩ হাওড়া–এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস তিন ঘণ্টা দেরিতে ছাড়বে। ১২২৪৬ এসএমভিবি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস এবং ১২৮৩৯ হাওড়া–চেন্নাই মেল আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে।
২০ নভেম্বর শুক্রবারও বেশ কিছু ট্রেনের সূচিতে বদল আনা হয়েছে। ওই দিন ২০৮০৭ ভিএসকেপি–এএসআর এসএফ হীরাকুদ এক্সপ্রেস সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ২০৮৪১ ভুবনেশ্বর–বিশাখাপত্তনম বন্দে ভারত এবং ১৮৪৬৩ ভুবনেশ্বর–এসবিসি প্রশান্তি এক্সপ্রেস তিন ঘণ্টা ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে। ০৮০৪৫ শালিমার–সিএইচজেড স্পেশাল এক ঘণ্টা দেরিতে ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে।