RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ আকভান, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আকভান। এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় আকভান শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির জেরে দীঘা, মন্দারমণি এবং তাজপুর সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। হলদি নদীতে উপকূলরক্ষী বাহিনী ও হোভারক্রাফট টহল দিচ্ছে। গঙ্গাসাগরেও মাইকে প্রচার চালানো হচ্ছে।

টানা বৃষ্টির কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে নন্দীগ্রাম এবং পাঁশকুড়ায় ধান ও ফুলচাষে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন অংশে এবং হাওড়ার সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া ও ঘুসুড়ির রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার সকালে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজনের উপস্থিতি কম ছিল।