RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘূর্ণিঝড়ের আশঙ্কা রাজ্যে, সপ্তাহের মাঝেই ভিজতে পারে কলকাতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যার প্রভাবে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

বাংলায় শীতের আমেজের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সোমবার সন্ধ্যার মধ্যে এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তরের অনুমান, এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে এবং বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মাঝে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও, এর প্রভাবে আগামী বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে রবিবার ও সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।