RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিম্নচাপের জেরে বঙ্গে বৃষ্টির আশঙ্কা, জগদ্ধাত্রী পুজোয় হতে পারে দুর্যোগ

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, জগদ্ধাত্রী পুজোয় হতে পারে দুর্যোগ।

নভেম্বরের শীতের আমেজের মধ্যেই ফের দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। এর জেরে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও এর প্রভাবে আবহাওয়া বদলাবে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলা। আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। যদিও পশ্চিমী ঝঞ্ঝার জেরে পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।