RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে কমবে শীতের আমেজ, বাড়তে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনায় নভেম্বর শেষের দিকে বঙ্গে কমবে শীতের আমেজ, বাড়তে পারে তাপমাত্রা।

নভেম্বরের শেষে এসে বঙ্গে শীতের আমেজে ফের বাধা পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই সম্ভাব্য ঝড়ের নাম হতে পারে ‘কানি’। এটি দক্ষিণ ভারতের দিকে এগোতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে এর সঠিক গতিপথ নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি হাওয়া অফিস।

এদিকে ডিসেম্বরের শুরুতেও আবহাওয়ার এই পরিবর্তনশীল রূপ বজায় থাকতে পারে। মাসের দ্বিতীয় সপ্তাহের পর রাজ্যে ফের উত্তুরে হাওয়া ঢুকতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। রবিবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে এবং ঘন কুয়াশা দেখা যাবে।