ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
আগ্রায় দলিত বরের উপর হামলা, ঘোড়া থেকে টেনে নামানোর অভিযোগ
উত্তরপ্রদেশের আগ্রায় দলিত বরকে ঘোড়া থেকে টেনে নামানোর অভিযোগ উঠল। আম্বেদকরের গান বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীদের উপর লাঠি ও রড নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।
উত্তরপ্রদেশের আগ্রায় একটি দলিত পরিবারের বরযাত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। বিআর আম্বেদকরের গান বাজানোকে কেন্দ্র করে এই গোলমালের সূত্রপাত হয় বলে পরিবারের দাবি।
পুলিশ সূত্রে খবর, নাগলা বিরভান গ্রামে গত রাতে একটি বিয়ের শোভাযাত্রা পৌঁছোয়। সেই সময় ডিজেতে আম্বেদকরকে নিয়ে গান বাজানো শুরু হলে স্থানীয় কয়েকজন তা বন্ধ করতে বলেন। বরযাত্রীরা তাতে আপত্তি জানালে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতী লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের উপর চড়াও হয়।
পরিবারের অভিযোগ, দলিত হয়ে ঘোড়ায় চড়ার অপরাধে বরকে ঘোড়া থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। এছাড়া আম্বেদকরের ছবি ফেলে দিয়ে গালিগালাজ করা হয়। বরযাত্রীদের উপর হামলার পাশাপাশি রাতে বাড়িতে ঢুকেও অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
এই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। গোলমালের কারণে সেদিন রাতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা যায়নি, পরের দিন সকালে নিয়ম মেনে বিয়ে হয়।