RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

বলবিকৃতি কাণ্ডে অজি বোর্ডের বিরুদ্ধে তোপ ডেভিড ওয়ার্নারের

আট বছর আগের বলবিকৃতি বিতর্ক নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ডেভিড ওয়ার্নার।

আট বছর আগের বলবিকৃতি বিতর্ক নিয়ে ফের সরব হলেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ২০১৮ সালের ওই ঘটনার সময় জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং নাথান লিঁওর মতো বোলারদের নাকি জিজ্ঞাসাবাদই করা হয়নি। অথচ বোর্ড দাবি করেছিল বোলাররা কিছুই জানতেন না।

সম্প্রতি উসমান খোয়াজার লেখা একটি বইয়ে দাবি করা হয়েছে, দলের সবাই বলবিকৃতির বিষয়টি জানতেন। যদিও বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স সেই দাবি খারিজ করে দিয়েছেন। তিনি খোয়াজার বক্তব্যকে মিথ্যা ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।

তবে খোয়াজার পাশে দাঁড়িয়েছেন ওয়ার্নার। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানিয়েছেন, খোয়াজা যা বলেছেন তা সঠিক। তাঁর অভিযোগ, বোর্ড আগে থেকেই ঠিক করে রেখেছিল কাকে শাস্তি দেওয়া হবে এবং সেই মতো একটি ত্রুটিপূর্ণ তদন্ত চালানো হয়েছে।