ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
মোবাইলে মাটি পরীক্ষার প্রযুক্তি নিয়ে বিতর্ক, আসল সত্যটি কী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাটি পরীক্ষা সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও বাস্তবে এমন প্রযুক্তি দেশের গবেষকদের তৈরি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্য ঘিরে সম্প্রতি দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত একটি কৃষি সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রাকৃতিক চাষের ওপর জোর দেন এবং মাটির গুণমান পরীক্ষা করে সার ব্যবহারের পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, মোবাইল ফোন ব্যবহার করেই এখন মাটির স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব। এই বক্তব্য সামনে আসার পরেই সামাজিক মাধ্যমে তা নিয়ে নানা ধরনের সমালোচনা ও কৌতুক শুরু হয়।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের আসল অর্থ নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন, সরাসরি মোবাইল স্ক্রিনের ওপর মাটি রাখার কথা বলেননি প্রধানমন্ত্রী। বরং তিনি এমন এক ধরনের প্রযুক্তির কথা বোঝাতে চেয়েছেন যেখানে একটি ছোট যন্ত্রে মাটি রেখে মোবাইল অ্যাপের মাধ্যমে তার ফলাফল জানা যায়। এই ধরনের যন্ত্র ইতিমধ্যেই দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপে তৈরি হয়েছে।
আইআইটি বম্বের গবেষকদের তৈরি এমনই একটি যন্ত্রের নাম 'নিউট্রিসেন্স'। এই যন্ত্রের মাধ্যমে সামান্য মাটি পরীক্ষা করে মাত্র কয়েক মিনিটের মধ্যে মোবাইলে রিপোর্ট পাওয়া যায়। নীতি আয়োগের তথ্য অনুযায়ী, দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করছেন কৃষকরা। এছাড়া আইআইটি কানপুরও আরেকটি যন্ত্র তৈরি করেছে যা ইনফ্রারেড আলোর সাহায্যে খুব কম সময়ে মাটির গুণমান জানাতে পারে। সরকারিস্তরেও কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন অ্যাপ ও হেল্পলাইন চালু করা হয়েছে।