পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ দেবজিৎ সরকারের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবিধানকে অমান্য করার অভিযোগ তুললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্র কারা বাজেয়াপ্ত করেছিল তা মানুষ জানে। ওনার কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওনার কথাবার্তা ও কাজকর্ম কলিকালের দুর্যোধনকে মনে করিয়ে দিচ্ছে। দেবজিতের দাবি, ওনার প্রতিটি কৃতকর্মে সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর প্রবণতা রয়েছে। উনি ভুলে যাচ্ছেন এখন আর ওনার পিসিমনির সরকার নেই। এটি একটি রাষ্ট্রবাদী সরকার এবং মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। ভালো বা খারাপ কাজের ফল প্রত্যেককেই ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অন্য একটি ঘটনায়, কলকাতার ডায়মন্ড হারবার রোডের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের সেন্টিনারি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১০৪ শয্যার এই হাসপাতালকে পর্যায়ক্রমে ৫০০ শয্যার হাসপাতালে পরিণত করার পরিকল্পনা রয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে এই হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা চার্ণক হসপিটালস প্রাইভেট লিমিটেডকে। নবান্ন সূত্রে এই খবর জানানো হয়েছে।