RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নথি জমা দিয়ে স্পিকারের প্রশ্নের জবাব দলবদলকারী ২০ সাংসদের

দফায় দফায় সময় চাওয়ার পর অবশেষে স্পিকারের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দলবদলকারী ২০ জন সাংসদ।

কেন সাংসদ পদ বাতিল করা হবে না, এই প্রশ্নের জবাব দিলেন দলবদলকারী ২০ জন সাংসদ। দফায় দফায় সময় চাওয়ার পর অবশেষে লোকসভার স্পিকারের কাছে নিজেদের জবাব ও নথি জমা দিলেন তাঁরা।

বাংলার বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ ২০ জন সাংসদ। এনডিএ সরকারকে সমর্থনের কথা জানিয়ে তাঁরা সংসদে আসন অদলবদল করেন। তবে এখনও এনসিপিআই সাংসদ হিসাবে তাঁরা স্বীকৃতি পাননি।

সংবিধানের দশম তফসিল অনুযায়ী ওই সাংসদদের পদ খারিজের আবেদন জানিয়ে স্পিকার ওম বিড়লার কাছে আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রতীকে জিতে তাঁরা অন্য দলে গিয়েছেন। পালটা ওই সাংসদদের দাবি, এটি একটি বৈধ রাজনৈতিক সংযুক্তি এবং এতে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য নয়।

স্পিকারের কাছে এর আগে একাধিকবার সময় চেয়েছিল দলবদলকারী শিবির। পাঁচবার সময় দেওয়ার পর জানানো হয়েছিল যে আর সময় দেওয়া হবে না। মঙ্গলবার ছিল নথি জমা দেওয়ার শেষ দিন। ২০ জন সাংসদই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বলে খবর।

নথি জমা দেওয়ার পর কাকলি ঘোষ দস্তিদার জানান, উপযুক্ত নথি তাঁদের হাতে রয়েছে এবং সময়মতোই তা জমা দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, আগের দলের নেত্রীর থেকেই দলত্যাগের শিক্ষা পেয়েছেন তাঁরা। তৃণমূলের জন্য অনেক ত্যাগ করলেও অসম্মান ছাড়া কিছু পাননি বলে দাবি তাঁর।

পালটা ওই সাংসদদের সুবিধাবাদী বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র অধিকার এখন স্পিকারের হাতে রয়েছে।