RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রাক্তন স্বামীকে নিয়ে মন্তব্য, মেরি কমকে নোটিস আদালতের

প্রাক্তন স্বামীকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমকে নোটিস পাঠাল দিল্লির আদালত।

প্রাক্তন স্বামীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে আইনি বিপাকে পড়েছেন অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম। তাঁকে সমন পাঠিয়েছে দিল্লির একটি আদালত। মেরির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী কারং ওনখোলার। আগামী ডিসেম্বরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

চলতি বছরের শুরুতে একটি বেসরকারি সাক্ষাৎকারে মেরি তাঁর স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ওনখোলার অভিযোগ করেন, ওই সাক্ষাৎকারে তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর ও মিথ্যা কথা বলা হয়েছে। জাতীয় টেলিভিশনে তাঁকে কুঁড়ে এবং বেকার বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে সমাজে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে দিল্লির সাকেত আদালতের বিচারক মামলার শুনানির ব্যবস্থা করেন। আদালতে ওনখোলার সহ মোট চারজনের জবানবন্দি রেকর্ড করা হয়। সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখার পরই অলিম্পিক জয়ী ক্রীড়াবিদকে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আগামী ২১ ডিসেম্বর মেরিকে তাঁর আইনজীবীর মাধ্যমে এই নোটিসের জবাব দিতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর একসঙ্গে থাকার পর ২০২৩ সালের ডিসেম্বরে মেরি ও ওনখোলারের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের দুবছর পর চলতি বছরেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। একটি টেলিভিশন শোয়ে মেরি দাবি করেছিলেন, তাঁর প্রাক্তন স্বামী কোনও রোজগার করতেন না এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছিলেন। এই মন্তব্যের পরেই শুরু হয় আইনি লড়াই।