RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

জনতার জন্য খুলল কেজরির বিতর্কিত বাংলো, জানাল দিল্লি সরকার

প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাংলোটি সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দিল দিল্লির বিজেপি সরকার।

প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাংলোটি এবার জনসাধারণের জন্য খুলে দিল দিল্লির বিজেপি সরকার। শুক্রবার সাংবাদিকদের ওই বাংলো ঘুরিয়ে দেখানো হয় এবং আগামী সপ্তাহ থেকে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারবেন। বিলাসবহুল এই বাসভবনটির সংস্কারে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

দিল্লির মন্ত্রী প্রবেশ বর্মা জানান, জনসাধারণের অর্থের অপচয় কীভাবে হয়েছে, সেটাই সকলকে দেখানো হচ্ছে। তাঁর অভিযোগ, করোনা মহামারীর সময় এই বাংলো নির্মাণে ৫৬ কোটি টাকা খরচ করা হয়। বাংলোর বিভিন্ন দামি সামগ্রীর গায়ে সেগুলির মূল্যও লিখে রাখা হয়েছে। যদিও তাঁর একটি ঘরে ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে মন্ত্রীর দাবি, সাধারণ জীবনযাপনের ভান করার জন্য ওই ঘর থেকে ফেসবুক লাইভ করতেন কেজরিওয়াল। বাংলোটিতে রয়েছে আটটি শোওয়ার ঘর, ১২টি শৌচাগার, স্পা সেন্টার এবং দামি টেলিভিশন।

অন্যদিকে, আম আদমি পার্টির দাবি, যমুনা নদীর দূষণ সংক্রান্ত গুরুতর সমস্যা থেকে মানুষের নজর ঘোরানোর জন্যই এই পদক্ষেপ করেছে দিল্লি সরকার। আপ নেতা সৌরভ ভরদ্বাজ জানান, দূষণ নিয়ে প্রশ্নের জবাব সরকারকে দিতেই হবে। সিএজি প্রতিবেদন অনুযায়ী, বাংলোটি সংস্কারের কাজে তৎকালীন সরকার নির্ধারিত ব্যয়ের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করেছিল। ২০১৫ সাল থেকে ওই বাংলোয় থাকতেন কেজরিওয়াল, যা তিনি ২০২৪ সালের অক্টোবরে খালি করেন।