ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
পাকিস্তানের হানিট্র্যাপে তথ্য ফাঁস, বায়ুসেনার উইং কমান্ডারের বিরুদ্ধে চার্জশিট
পাকিস্তানের এক যুবতীর হানিট্র্যাপে ফেঁসে বায়ুসেনার গোপন তথ্য ও যুদ্ধ কৌশল পাচারের অভিযোগে ধৃত উইং কমান্ডারের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিশ।
পাকিস্তানের এক যুবতীর হানিট্র্যাপে পা দিয়ে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য পাচারের অভিযোগে ধৃত উইং কমান্ডারের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। সরকারি গোপনীয়তা আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল দিল্লিতে ওই সেনা আধিকারিকের ঘরে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন ও বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চলতি বছরের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের এক যুবতীর সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখতেন ওই উইং কমান্ডার।
অভিযোগ, মোবাইলে যুবতীর পাঠানো নগ্ন ছবি এবং ভিডিও কলের বিনিময়ে ভারতের যুদ্ধ কৌশল ও বায়ুসেনার সংবেদনশীল তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া হচ্ছিল। চার্জশিটে পুলিশের দাবি, সীমান্তে যুদ্ধ বাধলে বায়ুসেনার প্রাথমিক পদক্ষেপ কী হতে পারে, সেই সংক্রান্ত গোপনীয় তথ্যও পাচার করেছেন অভিযুক্ত।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে পাকিস্তান থেকে বেশ কিছু নির্দিষ্ট লিঙ্ক পাঠিয়ে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছিল। ওই অ্যাপের মাধ্যমেই তাঁর মোবাইলে থাকা সমস্ত তথ্য হ্যাক করা হয়েছে বলে দাবি পুলিশের। এবার এই মামলায় শুরু হতে চলেছে বিচারপ্রক্রিয়া।