ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
দিল্লিতে কিছুটা কমল দূষণ, এখনও পরিস্থিতি অত্যন্ত খারাপ
সামান্য উন্নতি হলেও এখনও ধোঁয়াশার কবলে দিল্লি, বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি। বুধবার সকালে শহরের বাতাস এখনও ‘খারাপ’ পর্যায়ে রয়েছে। এদিন সকাল ৭টায় বাতাসের গুণমান সূচক বা একিউআই ছিল ২৯৯। আগের দিন এই মাত্রা ছিল ৩০৭। সামগ্রিক গড় মান কিছুটা কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগের বলেই জানাচ্ছে প্রশাসন।
দিওয়ালির সময় থেকেই রাজধানীর আবহাওয়া ক্রমাগত খারাপ হতে শুরু করে। সেই সময়ে প্রচুর বাজি পোড়ানোর ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মনে করা হচ্ছে। দিওয়ালি পেরিয়ে যাওয়ার পরেও সকালের দিকে কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ ঢেকে রাখছে চারপাশ।
শহরের বিভিন্ন মনিটরিং স্টেশনের তথ্য অনুযায়ী, অনেক এলাকাতেই বাতাসের গুণমান ‘খুব খারাপ’ অবস্থাতেই রয়েছে। চাওলা অঞ্চলে একিউআই পৌঁছে গিয়েছে ৩৯৬-এ। এছাড়া চাঁদনি চক, উত্তর ক্যাম্পাস, আইটিও এবং বুরারির মতো জায়গাতেও দূষণের মাত্রা তিনশোর অনেক উপরে রয়েছে।
এদিকে দূষণের এই পরিস্থিতির জন্য প্রতিবেশী রাজ্যগুলিতে খড় ও ফসলের অবশেষ পোড়ানোকে দায়ী করেছেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। তিনি পাঞ্জাব সরকারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। অন্য দিকে, সুপ্রিম কোর্ট জানিয়েছে দিল্লি ও আশেপাশের রাজ্যগুলিতে শস্যের অবশেষ পোড়ানোর হার অনেকটাই কমেছে। তা সত্ত্বেও যানবাহনের ধোঁয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।
এই বিষয়ে দিল্লি সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান সরকারের কাছে জবাব চেয়েছে আদালত। দূষণ নিয়ন্ত্রণে এই রাজ্যগুলির পরিকল্পনা কী, তা আগামী দু’সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নোটিসও পাঠানো হয়েছে।