RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ডিলিমিটেশন বিল পাশ হলে উত্তরপ্রদেশে বাড়তে পারে আসন, বার্তা অমিত শাহের

বিশেষ অধিবেশনের আগে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আসন্ন বিশেষ অধিবেশনের আগে কেন্দ্রশাসিত অঞ্চল আইন ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী সোমবার থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে এই বিলগুলি পেশ করা হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। এই আবহে কেন্দ্রের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে অমিত শাহ জানান, ১৩২তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে রাজ্যগুলির বিধানসভা আসনের সর্বোচ্চ সীমা বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে রাজ্যগুলির বিধানসভায় আসন সংখ্যা প্রায় ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ পর্যন্ত করা সম্ভব হবে। এর ফলে উত্তরপ্রদেশ রাজ্যকে বিভাজন না করেই তাদের বিধানসভা আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে বলে মনে করা হচ্ছে। বর্তমান নিয়মে উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা আসন রয়েছে।

এছাড়াও নারী সংরক্ষণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের যে ব্যবস্থা রয়েছে, তা এই বিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। এর ফলে মহিলা ক্ষমতায়ন আরও ত্বরান্বিত হবে বলে তাঁর দাবি। তিনি দেশের সমস্ত রাজনৈতিক দলকে এই ঐতিহাসিক বিলটিকে সমর্থন জানানোর আহ্বান জানান। গত এপ্রিল মাসে লোকসভায় পূর্ববর্তী একটি বিল পেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার নতুন করে এই প্রস্তাব আনছে সরকার।