ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ডিলিমিটেশন কমিশন ও জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে জল্পনা, আশঙ্কায় বিরোধীরা
কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
আসন্ন আসন পুনর্বিন্যাস আইন পাশ হলে দেশের রাজনৈতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কেন্দ্রের প্রস্তাবিত বিল অনুযায়ী ডিলিমিটেশন কমিশন গঠিত হলে তার পদাধিকার বলে সদস্য হবেন তিনি। বিরোধীরা তাঁর নিরপেক্ষতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে এবং তাঁকে অপসারণের দাবিও জানিয়েছিল।
কেন্দ্রের প্রস্তাবিত খসড়া বিল অনুসারে, নতুন ডিলিমিটেশন কমিশন লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নতুন করে নির্ধারণ করবে। কোন এলাকা কোন কেন্দ্রের অন্তর্ভুক্ত হবে এবং কোন আসন মহিলা বা সংরক্ষিত হবে, তা ঠিক করবে এই কমিশন। কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তবে পদাধিকার বলে কমিটিতে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা তাঁর মনোনীত প্রতিনিধি।
২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই কমিশন তাদের রিপোর্ট পেশ করবে বলে পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের মেয়াদ রয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত। ফলে পুরো প্রক্রিয়াটি তাঁর মেয়াদকালেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছে যে, এই প্রক্রিয়ার ফলে শাসক দল উপকৃত হতে পারে। তাঁদের অভিযোগ, সীমানা পুনর্বিন্যাসের নামে নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধার্থে জনবিন্যাস ভাগ করা হতে পারে। অতীতেও বিরোধীরা জ্ঞানেশের বিরুদ্ধে শাসক শিবিরকে সাহায্য করার অভিযোগ এনে ইমপিচমেন্ট প্রস্তাব আনার চেষ্টা করেছিল।