পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মহিলা সংরক্ষণ বিল ও ইন্ডি জোট নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশের প্রাক্কালে প্রাক্তণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
লোকসভায় আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পেশের আগে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার রাজারহাট ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দিলীপ অভিযোগ করেন, দল ও ক্ষমতা হারিয়ে বর্তমানে সংকটের মধ্যে রয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, ইন্ডিয়া জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে তাঁর অতিরিক্ত তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী।
মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে দিলীপ দাবি করেন, যারা এতদিন নেতিবাচক রাজনীতি করেছেন এবং ভারতের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাই এখন এই বিল নিয়ে সংশয় প্রকাশ করছেন। তিনি বলেন, যিনি রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং আর জি করের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাঁর মুখে মহিলা বিলের বিরোধিতা মানায় না। এর ফলে তাঁর রাজনৈতিক অস্তিত্ব আরও সঙ্কুচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন দিলীপ। তাঁর মতে, ক্ষমতা হারানোর ফলে অভিষেক মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন এবং সেই কারণেই তিনি বিভিন্ন মন্তব্য করছেন যা তাঁকে শোভা দেয় না। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে দিলীপ আরও জানান, দেশের মহিলারা এখন অনেক বেশি সচেতন ও সক্রিয়। কেউ এই বিলের বিরোধিতা করলে আগামী নির্বাচনে তার উপযুক্ত জবাব মিলবে বলেও জানিয়েছেন তিনি।