RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলা ছবির মান বাড়াতে হবে, মুখ্যমন্ত্রীকে সাধুবাদ দিলীপ ঘোষের

বাংলা সিনেমার মান বাড়ানোর পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন দিলীপ ঘোষ।

বাংলা সিনেমার মানদণ্ড ও মান উন্নত করার নিদান দিলেন রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর বাংলা সিনেমা নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। প্রেক্ষাগৃহে নির্দিষ্ট সময়ে বাংলা ছবি প্রদর্শনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দিলীপ ঘোষ। তবে একই সঙ্গে তিনি টলিপুাড়ার পরিচালক ও অভিনেতাদের কাজের মান বাড়ানোর কথা বলেছেন।

মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ অত্যন্ত ভালো। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন বাংলা ছবির বর্তমান পরিস্থিতি নিয়ে। তাঁর মতে, দক্ষিণী সিনেমা যদি সারা দেশে বাজার তৈরি করতে পারে, তবে সমৃদ্ধ ইতিহাসের অধিকারী বাংলা পিছিয়ে থাকবে কেন। অতীতে চলচ্চিত্র শিল্প নিয়ে অতিরিক্ত রাজনীতির ফল এখন ভোগ করতে হচ্ছে বলে দাবি তাঁর।

চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শিল্পের উন্নতির দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, নতুন পরিচালক ও অভিনেতাদের সুযোগ দেওয়ার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে মানের দিক থেকে কোনো আপস করা চলবে না বলে মত প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, হিন্দি সিনেমার আগ্রাসনের মুখে পড়ে সম্প্রতি সাধক বামাক্ষ্যাপা সিনেমার শো বন্ধ হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এরপরই নবান্নে বিশেষ বৈঠক ডেকে বড় সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শনের নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ভাঙলে সিনেমা হলের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে বলে প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।