RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

দিলজিতের বেঙ্গালুরু কনসার্ট ওড়ানোর হুমকি, ইমেলে লেখা খলিস্তান জিন্দাবাদ স্লোগান

বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেলে খলিস্তান জিন্দাবাদ স্লোগানও রয়েছে।

আসন্ন কনসার্টের আগে ফের হুমকির মুখে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। আগামী ২৯ নভেম্বর বেঙ্গালুরুতে একটি কনসার্ট করার কথা রয়েছে তাঁর। তার আগেই ইমেল মারফৎ ওই অনুষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, বিস্ফোরক ডিভাইস বা আইইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হবে। সেই সঙ্গে ইমেলে খলিস্তান জিন্দাবাদ স্লোগানও উল্লেখ করা হয়েছে বলে খবর। দীর্ঘ দিন ধরেই খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী শিখস ফর জাস্টিসের নিশানায় রয়েছেন দিলজিৎ। অতীতেও তাঁর বিভিন্ন অনুষ্ঠান ঘিরে জটিলতা তৈরি হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। চলতি বছরের মে মাসে কানাডায় কনসার্ট করতে গিয়েও খলিস্তানপন্থীদের বিরোধিতার মুখে পড়েছিলেন গায়ক। এই পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর বেঙ্গালুরুর মাদাবারার নাইস রোড গ্রাউন্ডে তাঁর অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার দাবি উঠেছে। তবে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। দিলজিতের পক্ষ থেকেও এই হুমকি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। অতীতে অবশ্য এহেন হুমকির মুখেও নিজের কনসার্ট চালিয়ে গিয়েছেন গায়ক।