RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভাঙা হচ্ছে জেলবন্দি জাহাঙ্গির খানের প্রাসাদ, ফলতায় কড়া পদক্ষেপ প্রশাসনের

নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গির খানের শ্রীরামপুরের বেআইনি বাড়ি ভাঙতে শুরু করল জেলা প্রশাসন।

রাজ্যে ক্ষমতা বদলের পর আরও বিপাকে জেলবন্দি তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গির খান। দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে তাঁর তৈরি একটি প্রাসাদপ্রম বাড়ি অবৈধ বলে অভিযোগ ছিল। মঙ্গলবার সেই বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, নেপাল সীমান্ত এলাকা থেকে কিছুদিন আগে জাহাঙ্গিরকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জেলবন্দি রয়েছেন। তৃণমূল কংগ্রেসের আমলে ওই বাড়ি নিয়ে কোনও প্রশাসনিক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ওঠে। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ করে। বাড়িটি ভেঙে ফেলার জন্য আগেই একটি নোটিস পাঠানো হয়েছিল। নোটিসে সাতদিনের মধ্যে নিজে থেকেই বাড়ি খালি করে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও বাড়ি ভাঙেননি অভিযুক্ত। এরপর মঙ্গলবার সকালে বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনের আধিকারিকরা শ্রীরামপুরে ওই এলাকায় পৌঁছে যান। বিডিও এবং অন্যান্য কর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বাড়ির ভেতরে থাকা সমস্ত আসবাব এবং মূল্যবান জিনিসপত্র বাইরে বের করে আনা হয়। বাড়ি খালি করার পর দুপুর নাগাদ ভাঙার কাজ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীতে ফলতা অঞ্চলে দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন জাহাঙ্গির। বর্তমানে তাঁর এই বিশাল বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনেই সমস্ত বেআইনি নির্মাণ সরানোর কাজ চলছে।