RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

শর্ত সাপেক্ষে ডিলিমিটেশন বিলকে সমর্থনের ইঙ্গিত ডিএমকের

শর্ত পূরণ হলে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল সমর্থন করতে পারে এম কে স্ট্যালিনের দল ডিএমকে।

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিল বা ডিলিমিটেশন বিল পাসের ক্ষেত্রে এনডিএ শিবিরকে সমর্থনের ইঙ্গিত দিল এম কে স্ট্যালিনের দল ডিএমকে। তবে এর জন্য বিশেষ কিছু শর্ত দিয়েছে দলটি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের ভূমিকার কারণে দলের ক্ষোভের কথা আগেই সামনে এসেছিল। এবার কেন্দ্রের প্রস্তাবিত বিল নিয়ে অবস্থান বদল করতে চলেছে ডিএমকে।

দক্ষিণের রাজ্যগুলির প্রধান আশঙ্কা ছিল যে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতে লোকসভার আসন বেশি বেড়ে যাবে এবং দক্ষিণ ভারতের অংশ কমে যাবে। ডিএমকে সূত্রে খবর, সরকার যদি লিখিত আশ্বাস দেয় যে মোট আসন বাড়লেও তামিলনাড়ুর লোকসভায় ভাগের অনুপাত কমবে না, তবে তারা এই বিলকে সমর্থন করতে পারে। বর্তমানে লোকসভায় মোট আসনের ৭.২ শতাংশ রয়েছে তামিলনাড়ুর। স্ট্যালিনের দলের এক সাংসদ জানিয়েছেন, তাঁরা প্রথমে বিলের খসড়া খতিয়ে দেখবেন এবং তামিলনাড়ুর প্রাপ্ত ভাগ বজায় রাখার লিখিত প্রতিশ্রুতি পেলে সমর্থনের কথা বিবেচনা করবেন।

এর আগে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি শিবিরও বিলটি সমর্থনের ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিএমকে এবং শরদ পাওয়ার শিবির শেষ পর্যন্ত সরকারের পাশে দাঁড়ালে সংসদ উভয়কক্ষে ডিলিমিটেশন বিল পাস করানোর পথ অনেকটাই সহজ হয়ে যাবে এনডিএ-র জন্য। লোকসভা ও রাজ্যসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে এই সমর্থনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।