পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ভদ্রতাকে দুর্বলতা ভাবলে ফল ভুগতে হবে, কড়া হুশিয়ারি শমীকের
সংযমকে দুর্বলতা ভাবলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বাগুইআটির সভা থেকে সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সংযম বজায় রাখার অর্থ দুর্বলতা নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার বাগুইআটিতে এক বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর প্রতিহিংসার রাজনীতি চায়নি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নির্বাচনের দিন তাঁকে এই কথাই বলেছিলেন বলে জানান শমীক। কিন্তু সেই সংযমকে কেউ যদি দুর্বলতা হিসেবে নেন, তবে তা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেছেন তিনি।
দলের নেতাকর্মীদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন শমীক। তিনি জানান, অতীতে যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সভাপতি। যাঁরা দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাঁদের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।
পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে শমীক জানান, দলে কোনো প্রকার অরাজকতা সহ্য করা হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের চিহ্নিত করে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী পুলিশমন্ত্রী রয়েছেন উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেলে কাউকে রেয়াত করা হবে না এবং অভিযুক্তদের জেলে যেতে হবে। পাশাপাশি, যারা সম্প্রতি দলে ভিড়েছেন এবং বিশৃঙ্খলা পাকাচ্ছেন, তাঁদের কড়া ভাষায় সতর্ক করেছেন বিজেপির রাজ্য সভাপতি।