RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

বহরমপুরে ধুমধাম করে আয়োজন, আগামী সপ্তাহে হতে চলেছে পুতুলের বিয়ে

মোবাইল গেমের ভিড় সরিয়ে গ্রামীণ ঐতিহ্য বাঁচিয়ে রাখতে বহরমপুরের এক পরিবারে ধুমধাম করে দেওয়া হচ্ছে পুতুলের বিয়ে।

ডিজিটাল যুগের ব্যস্ততা ও মোবাইল নির্ভরতা কমিয়ে শৈশবকে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। আগামী ২৭ নভেম্বর স্থানীয় ওয়াইএমের মাঠের কাছে এক আবাসনে অনুষ্ঠিত হবে পুতুলের বিয়ে। এই খেলায় পাত্রী ফুলটুসির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে পাশের পাড়ার বাসিন্দা শশীভূষণের। পুরো অনুষ্ঠানটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে তিন শিশু ডুগ্গু, ডাব্বু এবং গুড়িয়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের সমস্ত আয়োজনে কোনো কমতি রাখা হচ্ছে না। বেনারসি শাড়ি, গয়নাগাটি থেকে শুরু করে খাট, আলমারি এবং রান্নার নানা সরঞ্জাম যৌতুক হিসেবে দেওয়া হচ্ছে। এমনকি তৈরি করা হয়েছে ডিজিটাল আমন্ত্রণপত্রও। গায়ে হলুদ অনুষ্ঠান থেকে শুরু করে পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং বিয়ের মূল আচার—সবকিছুই নিয়ম মেনে সম্পন্ন হবে। দুপুরের ভোজে থাকছে মাছ ভাজা, ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে শুরু করে মিষ্টি ও আইসক্রিমের মতো সুস্বাদু পদ।

উদ্যোক্তাদের একজন অঙ্কিতা মুখোপাধ্যায় জানান, বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইল ও পড়াশোনার গণ্ডির বাইরে কিছু ভাবতে পারছে না। অতীতের সেই পুতুল খেলার মধ্য দিয়ে শিশুদের গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। ফুলটুসিকে সাজানো থেকে শুরু করে জামাইয়ের পোশাক নির্বাচন—সবকিছু নিয়েই ব্যস্ততার অন্ত নেই শিশুদের।