RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

দুবাইয়ে আনন্দ শঙ্কর স্মরণে অনুষ্ঠান, মঞ্চ মাতালেন কন্যা শ্রীনন্দা

দুবাইয়ে আনন্দ শঙ্কর ও তনুশ্রী শঙ্করের স্মরণে আয়োজিত হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন কন্যা শ্রীনন্দা শঙ্কর।

প্রবাসের মঞ্চে শ্রদ্ধার্ঘ্য জানানো হল বিখ্যাত শঙ্কর ঘরানাকে। দুবাই ক্রিক পার্কের আল আজিয়াল থিয়েটারে সম্প্রতি একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আনন্দ শঙ্কর ও তনুশ্রী শঙ্করের স্মৃতিতে এই আসর সাজিয়েছিলেন তাঁদেরই ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে ওঠেন আনন্দ এবং তনুশ্রীর মেয়ে শ্রীনন্দা শঙ্কর। উদ্বোধনী পর্বে তাঁর একক নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তিনি মিসিং ইউ সহ আনন্দ শঙ্করের বেশ কিছু মৌলিক সুরে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া আ মিউজিকাল ডিসকভারি অফ ইন্ডিয়া রচনায় নাচের পর্বটিও দারুণ প্রশংসা কুড়োয়।

শিশু দিবসকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে একটি মিউজিক্যাল ব্যালে মঞ্চস্থ হয়। ফিনিক্স নামের ওই পরিবেশনায় কঠিন পরিস্থিতিতে মাতৃত্ব এবং নানা প্রতিকূলতা পেরিয়ে নারীর অধিকারের বার্তা তুলে ধরা হয়।

পুরো অনুষ্ঠানটির ভাবনা ছিল এষা সেনগুপ্তের। নাচ পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোমদত্তা দে মুখোপাধ্যায়। কলকাতার সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় সুরের দিকটি সামলান। চিত্রনাট্য লিখেছেন পনেরো বছরের ঋষান সেনগুপ্ত।

শেষ পর্বে ছিল বিশেষ সংগীতানুষ্ঠান। কলকাতার গায়িকা ইক্ষিতা মুখোপাধ্যায় বাংলা ও হিন্দি গানে শ্রোতাদের মন জয় করেন। আয়োজকদের মতে, ভিন্‌দেশে শিল্পের মাধ্যমেই নিজেদের শেকড়ের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তাঁরা।