RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দুর্গাপুরে মদের দোকান নিয়ে বিতর্কিত মন্তব্য বিধায়কের, মহিলাদের দিলেন ঝাঁটাপেটার নিদান

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল। মদের দোকান ভাঙচুরের পাশাপাশি দলের অন্দরে শুদ্ধিকরণের বার্তাও দিয়েছেন তিনি।

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দুর্গাপুরের এমএমসি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মহিলাদের পরামর্শ দেন, এলাকায় মদের দোকান দেখলে যেন তাঁরা ঝাঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। বিধায়কের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা অনেক ক্ষেত্রে পরিবারের পুরুষরা মদের পেছনে খরচ করছেন, যার ফলে মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন।

এই প্রসঙ্গে বিধায়ক আরও বলেন, মহিলারা যেন মার খাওয়ার আগেই প্রতিপক্ষকে মারধর করেন। তিনি নিজে এই কাজে মহিলাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। কোনো মদের ব্যবসার সঙ্গে দলের কেউ যুক্ত থাকলে, তাঁদের বিরুদ্ধে এফআইআর করারও পরামর্শ দিয়েছেন তিনি।

দলের অন্দরে শুদ্ধিকরণের বার্তাও দিয়েছেন বিধায়ক। তিনি জানান, দলের নাম ভাঙিয়ে কেউ যদি তোলাবাজি করেন বা ভয় দেখান, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দলের মধ্যে থাকা এই ধরনের ব্যক্তিদের ব্লিচিং পাউডার, ফিনাইল বা গ্যামাক্সিন দিয়ে পরিষ্কার করতে হবে। বিধায়কের অভিযোগ, অনেকে মার্বেল মিস্ত্রির কাজ ছেড়ে হঠাৎ বিজেপির নেতা সেজে ঘুরছেন এবং তাঁর নাম ব্যবহার করে টাকা তুলছেন। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর জন্য তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন।