RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

ডার্বির আগে ইস্টবেঙ্গলে চোটের সমস্যা, স্বস্তি শুধু রামিরেজকে নিয়ে

আসন্ন ডার্বির আগে চোট ও ফিটনেস সমসয়ায় একাধিক ফুটবলারকে নিয়ে অস্বস্তিতে ইস্টবেঙ্গল শিবির, তবে স্বস্তি শুধু দানি রামিরেজকে পাওয়া নিয়ে।

আসন্ন ডার্বির আগে চোট এবং ক্লান্তির সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল শিবির। লাল-হলুদ দলের কোচ হাবাসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে একাধিক ফুটবলারের ফিটনেস সমস্যা। আনোয়ার আলি এবং এডমুন্ড লালরিনডিকা আগেই ছিটকে গিয়েছেন। পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটে ডার্বি খেলা নিয়ে সংশয়ে রয়েছেন ক্রিস ইকোনমেডিস। শুক্রবারের অনুশীলনেও তাঁকে দেখা যায়নি। পাশাপাশি অনুশীলন করেননি দিয়েগো জিভুলিচ ও মহম্মদ রশিদ। তবে রশিদকে সম্ভবত ক্লান্তি থেকে বিরতি দেওয়া হয়েছে। শুক্রবার তিনি সাইডলাইনেই ছিলেন। জিভুলিচকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। জিভুলিচ শেষ পর্যন্ত না খেলতে পারলে রক্ষণ সামলানোর ক্ষেত্রে বিকল্প খেলোয়াড়দের ওপরেই ভরসা করতে হবে কোচকে। রক্ষণভাগে সন্দীপ মান্ডি, লালচুংনুঙ্গা, হার্দিক ভাট এবং জয় গুপ্তাদের ব্যবহার করার ভাবনা রয়েছে। অনুশীলন চলাকালীন দুই সাইড ব্যাক পজিশনে জয় গুপ্তা ও হার্দিক ভাটকে দেখে নেওয়া হয়েছে। আক্রমণভাগে ডেভিডকে উইংয়ে খেলানোর পরিকল্পনাও করছেন কোচ। চেন্নাইয়িনের কাছে হেরে যাওয়ায় দল বর্তমানে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে। তবে স্বস্তির খবর একটাই, চোট সারিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন দানি রামিরেজ। ফলে ডার্বিতে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়েছে। মাঝমাঠের শক্তি কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।