RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ট্রেনে জোরে গান বা রিলস দেখলেই জরিমানা, কড়া পদক্ষেপ পূর্ব রেলের

ট্রেনে ও স্টেশনে মোবাইলে জোরে গান শোনা বা রিলস দেখার অভ্যাসে রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব রেল।

ট্রেনের কামরা কিংবা স্টেশন চত্বরে মোবাইলে জোরে গান বা ভিডিও চালালে কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বললে এবার থেকে যাত্রীদের ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা ও ছ’মাসের জেল হতে পারে। যাত্রীদের একাংশের আচরণে তৈরি হওয়া নানা অসুবিধায় লাগাম টানতে এই নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনকে এই নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। বিশেষ করে দূরপাল্লার ও লোকাল ট্রেনে অনেকে স্পিকারে গান শোনেন বা রিলস দেখেন, যার জেরে অন্য যাত্রীদের সমস্যা হয়। এই আচরণ রুখতে রেল আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, টিকিট পরীক্ষক এবং উচ্চপদস্থ বাণিজ্যিক কর্মীরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন। পাশাপাশি, যাত্রীদের সচেতন করতে স্টেশনে ও ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানো হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও নিয়মিত ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।