RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলাপাতায় খাবার খাওয়ার রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ, জানাচ্ছে চিকিৎসকমহল

ঐতিহ্যের পাশাপাশি কলাপাতায় খাবার খাওয়ার রয়েছে নানা স্বাস্থ্যগত উপকারিতা, যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট জোগাতে সাহায্য করে।

বাঙালি বিয়ে বা পুজো হোক কিংবা দক্ষিণ ভারতের ঐতিহ্য, কলাপাতায় খাবার খাওয়ার রীতি বহু পুরনো। আধুনিক যুগে কাচ বা প্লাস্টিকের থালার ব্যবহার বাড়লেও এই অভ্যাস পুরোপুরি হারিয়ে যায়নি। চিকিৎসকদের মতে, এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। কলাপাতার উপরিভাগে থাকে পলিফেনল জাতীয় প্রাকৃতিক যৌগ। গরম বা সাধারণ খাবার পরিবেশন করলে এই উপাদানগুলি খাবারের সঙ্গে মিশে যেতে পারে। পলিফেনল এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। অপর্যাপ্ত ঘুম বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে শরীরে ক্ষতিকর অণুর পরিমাণ বাড়তে পারে। এর জেরে কোষে ক্ষতি হয় এবং ইনসুলিন প্রতিরোধের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের একাংশের বক্তব্য, এই ধরনের সমস্যা সমাধানে অ্যান্টি-অক্সিডেন্ট কার্যকরী হতে পারে। তবে শুধুমাত্র কলাপাতায় খেলেই সমস্ত শারীরিক সমস্যার সমাধান হবে, এমন নয়। একে স্বাস্থ্যকর জীবনযাপনের একটি অঙ্গ হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। চিকিৎসকরা সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাইকে নিয়ে কলাপাতায় খাবার খাওয়ার কথা বলেছেন। এর পাশাপাশি পাতে ফল রাখা এবং একসঙ্গে সময় কাটানোর অভ্যাস সুস্থ জীবনযাপনের পথ প্রশস্ত করতে পারে।