পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সোনা পাপ্পু মামলায় প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহার ২ কোটি ৭৮ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
আর্থিক তছরুপের অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির তালিকায় রয়েছে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে অবস্থিত একটি জমি।
সোনা পাপ্পু, জয় কামদার এবং প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং খুনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি আগেই তাঁদের গ্রেপ্তার করেছে এবং আদালতে চার্জশিটও জমা দিয়েছে।
ইডির দাবি, কালীঘাট থানার ওসি থাকাকালীন জয় কামদারের সঙ্গে শান্তনুর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে ডিসিপি পদে থাকাকালীনও সেই সম্পর্ক বজায় ছিল। অভিযোগ, পুলিশি ক্ষমতার অপব্যবহার করে জয় কামদার এবং সোনা পাপ্পু সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি ও বাড়ি দখল করতেন। জমি বা বাড়ির মালিকদের নামমাত্র টাকা দেওয়া হত। কেউ প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হত।
তদন্তে জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস নিজের নামে সরাসরি সম্পত্তি না কিনে পরিবারের সদস্য, বিভিন্ন সংস্থা এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে সেগুলি রাখতেন। অপরাধলব্ধ অর্থ আড়াল করার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল বলে ইডির অভিযোগ। এর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইডি ১ কোটি ৬৪ লক্ষ টাকা নগদ, সোনার গয়না, একটি গাড়ি এবং একটি বেআইনি রিভলবার উদ্ধার করেছিল।