পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
শান্তনু সিন্হা বিশ্বাসের সম্পত্তি বাজেয়াপ্ত, পদক্ষেপ ইডির
কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের দুই কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের দুই কোটি আটাত্তর লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি লেনদেনের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি জানিয়েছে, কলকাতার তিনটি ফ্ল্যাট এবং কান্দির একটি বাড়ি দুর্নীতির টাকায় কেনা হয়েছিল। জয় এস কামদার এবং সোনা পাপ্পুর সঙ্গে তাঁর বেআইনি লেনদেন ছিল বলে অভিযোগ। এই মামলার তদন্তে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় চার বার তল্লাশি চালিয়েছে ইডি। এর আগে এই মামলায় এক কোটি চৌষট্টি লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি, সোনার গয়না, তেরোটি চারচাকা গাড়ি এবং একটি রিভলভারও বাজেয়াপ্ত করা হয়েছিল। গত চোদ্দো মে জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ সহ একাধিক অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন এই ডিসিকে গ্রেফতার করেছিল পুলিশ।