RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ইডির তল্লাশি

আর্থিক তছরুপের অভিযোগে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি।

কলকাতায় আর্থিক তছরুপের অভিযোগে একযোগে ১২টি জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, এর আগে সব্যসাচীর কাছ থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হওয়া সেই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। বর্তমানে এই মামলায় শর্তাধীন জামিনে রয়েছেন সব্যসাচী দত্ত। আজ সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন।

এই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর্থিক তছরুপের এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নথি ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে।