খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
বিনোদ কাম্বলির চিকিৎসার দায়িত্ব নিলেন একনাথ শিণ্ডে
অসুস্থ প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।
অসুস্থ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির চিকিৎসার সমস্ত খরচ বহন করার ঘোষণা করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। সম্প্রতি কাম্বলি ও তাঁর পরিবার শিণ্ডের সঙ্গে দেখা করেন। এরপরই শিবসেনা প্রধান সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন।
সামাজিক মাধ্যমে একনাথ শিণ্ডে জানান, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে এবং তিনি স্মৃতিশক্তি হ্রাসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে। থানের জুপিটার হাসপাতালে তাঁর চিকিৎসা হবে এবং তাঁর সুস্থতার সব ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিণ্ডে। এছাড়া কাম্বলির দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে শিবসেনা।
গত বছর থেকেই অসুস্থ রয়েছেন কাম্বলি। হাঁটার সমস্যা ছাড়াও তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। এর আগে তাঁর চিকিৎসায় সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন শচীন তেণ্ডুলকরসহ একাধিক ক্রিকেটার ও শুভানুধ্যায়ী। ২০১৩ সালেও তাঁর অস্ত্রোপচারের খরচ বহন করেছিলেন শচীন।