পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বৃদ্ধাশ্রমে তালা ঝুলিয়ে জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ, ক্ষুব্ধ বিধায়ক
দুর্গাপুরে বৃদ্ধাশ্রমের আবাসিকদের ঘরে আটকে জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে।
দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভিতরে রেখে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৃদ্ধাশ্রমের জল ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে সেখানে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তাঁর মধ্যস্থতায় কয়েক ঘণ্টা পরে তালা খুলে দেন বাড়ির মালিক ভারতী মণ্ডল।
জানা গিয়েছে, ইন্দ্রপ্রস্থের একটি ভাড়াবাড়িতে ওই বৃদ্ধাশ্রম পরিচালনা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বাড়ির মালিকের দাবি, চুক্তি শেষ হওয়ার পরও বাড়ি খালি করা হয়নি এবং প্রচুর ভাড়া বকেয়া রয়েছে। এই বকেয়া ভাড়ার দাবিতেই তিনি তালা ঝুলিয়েছিলেন। এর আগে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলে স্থানীয় এক নেতার হস্তক্ষেপে তা চালু করা হয়।
তবে এই ঘটনায় বৃদ্ধাশ্রম পরিচালনাকারী সংস্থার ভূমিকারও সমালোচনা করেছেন বিধায়ক। তাঁর অভিযোগ, আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাঁদের মারধর করা হয়। দায়িত্বজ্ঞানহীন এই সংস্থার লাইসেন্স বাতিলের জন্য রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।
বিধায়ক লক্ষ্মণ ঘরুই জানান, বয়স্ক মানুষজনকে ঘরের ভেতর আটকে রেখে জল ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক। অন্যদিকে, বাড়ির মালিক ভারতী মণ্ডল জানান, বিধায়কের হস্তক্ষেপে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।